তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্ট – গাজীপুরের একটি গ্রামীণ রিসোর্ট

গ্রামীণ পরিবেশ, নদী, সবুজের সমারোহে – এককথায় বাংলার গ্রামীণ পরিবেশের দেখা পেতে ঘুরে আসতে পারেন তুরাগ  নদীর কোলঘেঁষে বানানো  তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্ট থেকে।

তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্টটি গাজীপুরের কালিয়াকৈরের চাবাগানে অবস্থিত। একদিকে বিস্তৃত সবুজ পরিবেশ অন্যদিকে নীল আকাশ ও স্রোতস্বিনী নদী। এই সবকিছুর মিশ্রণে তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্ট হয়ে উঠেছে “মিনি বাংলাদেশ”। ঢাকা থেকে এখানে গাড়িতে পৌঁছাতে হয়তো দুই ঘন্টার আশেপাশে সময় লাগতে পারে। ১১ একর জমির উপর গড়ে উঠা এই রিসোর্টটির চারপাশের মনোরম সবুজ পরিবেশ ও বহমান নদীর প্রবাহ এই রিসোর্টের মূল আকর্ষণ।

নদীর তীরের এই রিসোর্টটি পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত একটি জায়গা। বিলাসবহুল কটেজ, খেলার মাঠ, শিশুদের জায়গা, সুইমিংপুল, নৌকা বাইচ সুবিধা, ঘোড়া চড়ার সুবিধা, পিঠা-পুলি, ফোক সংগীত এবং আরো অনেক কিছুই রয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য।

নদীর উপরে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনি যদি একজন ভালো সাঁতারু হয়ে থাকেন তাহলে আপনি নদীতে সাঁতার কাটতে পারেন। আপনি চাইলে নদী থেকে মাছও ধরতে পারবেন! খেলাধূলার জন্য রয়েছে খেলার মাঠ এবং বিভিন্ন রকম ইনডোর গেমস। আপনি চাইলে অনুমতি সাপেক্ষে নদীর তীরে বার্বিকিউও করতে পারেন।

কটেজগুলোর অসাধারণ রুম ও থাকার ব্যবস্থা, ১৪ ফুট অ্যালুমিনিয়াম বোটের ফ্রি ব্যবহার, লেক এ নদীর আশেপাশে ঘোরাঘুরির জন্য গাইড সুবিধা – সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। আর খাবার-দাবার নিয়েও চিন্তার কিছু নেই। খাঁটি বাঙালী খাবার যেমন ভাত, মুরগির মাংস, মাছ, ডিম, সবজি সবই পাবেন সেখানে।

যেকোনো রিসোর্টের মান ভালো/খারাপ অনেকাংশেই নির্ভর করে রিসোর্টটির ম্যানেজার ও অন্যান্য স্টাফদের ব্যবহারের উপর। এই রিসোর্টের ম্যানেজার ও অন্যান্য স্টাফদের পেশাদারিত্ব ও আচার-আচরণ সত্যিই প্রশংসার দাবী রাখে। এতো আন্তরিকতা সচারাচর দেখা যায় না।

তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্টের সবকিছুই যেনো বাংলার সংস্কৃতি বাঙালীয়ানার প্রতিচ্ছবিসময় ও সুযোগ হলে এতো সুন্দর পরিবেশ দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।

Leave a Reply